বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নিরব হোসেন। মুম্বাইয়ে ‘বালা’র কাজ করে আসার পর পেয়েছেন নতুন পরিচিতি। সম্প্রতি ওমানের মাসকাট মাতিয়ে দেশে ফিরেছেন। এরমধ্যে যোগ হলেন নতুন কাজে।
নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় নতুন একটি ছবির কাজ শুরু করেছেন তিনি। ছবিটির নাম ‘আব্বাস’। এতে প্রথমবারের মতো সোহানা সাবার সঙ্গে জুটি বাঁধছেন নিরব।
ছবির গল্পে দেখা যাবে, পুরান ঢাকায় বেড়ে উঠে আব্বাস। তাকে খুন করতে এসে প্রেমে পড়ে যায় চুটকি। আব্বাসও তাকে খুব ভালোবাসে। ছবিটিতে আব্বাস চরিত্রে থাকছেন নিরব এবং চুটকি চরিত্রে রূপদান করেছেন সাবা। এবারই প্রথম দর্শকরা তাদের পর্দা কেমিস্ট্রি দেখবে।
ইত্তেফাক অনলাইনকে নিরব বলেন, কিছুদিন ধরেই নিজের মধ্যে আব্বাস চরিত্রটিকে ধারণ করছি। আমার ক্যারিয়ারের অন্যতম কাজের একটি হতে যাচ্ছে আব্বাস। দর্শকদের ভালো লাগার মতো একটি ছবি উপহার দিতে পারবো বলে আশা করছি।
IMG0
তিনি আরো বলেন, তার সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি। সাবা খুবই ভালো অভিনেত্রী। আশা করি তার সঙ্গে আমার পর্দা কেমিস্ট্রি দর্শকদের মন ছুঁয়ে যাবে।
চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হয়েছে ছবিটির দৃশ্যধারণ। লাইভ টেকনোলজিসের ব্যানারে নির্মিতব্য ‘আব্বাস’র চিত্রনাট্য লিখেছেন জসিম উদ্দিন। সবশেষ আইরিনকে সঙ্গে নিয়ে কাজ করেছেন ‘রৌদ্রছায়া’ শিরোনামের ছবিতে। সিনেমাটি পরিচালনা করছেন বুলবুল জিলানী।
ইত্তেফাক/আনিসুর
