দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি এরশাদের শুভেচ্ছা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৬
 
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়ের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
 
দুর্গাপূজা উপলক্ষে সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধর্মীয় চেতনা সর্বদাই প্রতিধ্বনিত হয়। শারদীয় দুর্গোৎসব বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। অশুভ শক্তিকে পরাজিত করে সত্য ও ন্যায় প্রতিষ্ঠাই এই উৎসবের মূলচেতনা।
 
এরশাদ বলেন, আমাদের দেশের জনগণ অত্যন্ত ধর্মপ্রাণ। তাই বিভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠানের সময় গোটা দেশ যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে।
 
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্তের দেশ হিসেবে বিশ্বে পরিচিত হয়ে আছে। তাই যে কোনো ধর্মীয় উৎসবে অন্য ধর্মের লোকেরাও যথারীতি সম্মান প্রদর্শন করে থাকেন।
 
জাতীয় পার্টির চেয়ারম্যান দুর্গাপূজার আনন্দের সাথে একাত্মতা প্রকাশ করে হিন্দু জনগণের অব্যাহত সুখ ও সমৃদ্ধি কামনা করেন ও শান্তি এবং সমপ্রীতির মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। বাসস।
 

ইত্তেফাক/এএম।