মেহেরপুর জেলায় শারদীয়া দুর্গাপূজায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন চার স্তরের নিরাপত্তার ব্যবস্থা করেছে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে চলছে আনন্দের বন্যা। মঙ্গলবার শাস্ত্র মতে, দেবী এবার আসছে নৌকায় চড়ে আর ফিরে যাবে ঘোড়ায় চড়ে। জেলায় এবছর ৩৭টি মন্ডপে পূজা হবে বলে পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. রমেশ চন্দ্র নাথ জানান, এ বছর জেলার ৩ উপজেলায় ৩৭টি পূজা মণ্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এদের মধ্যে সদরে ১৩টি, গাংনীতে ১৭টি এবং মুজিবনগর উপজেলায় ৬টি। গতবছর জেলায় ৩০টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিলো।
উৎসবমুখর পরিবেশে দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে ইতিমধ্যে পৃথক সভা সম্পন্ন করেছে তারা।
এ ব্যাপারে মেহেরপুরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, জেলায় উৎসবমুখর পরিবেশ ও নির্বিঘ্নে যাতে হিন্দু সম্প্রদায়ের লোকজন দুর্গা পূজা উৎসব পালন করতে পারে সে কারণে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে সড়কগুলোতে ক্লোজ পেট্রোলিং, বাজার এলাকায় ফিক্সড ফোর্স, পুলিশ ও আনছার বাহিনীর সমন্বয় যৌথ টহল এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুুলিশ সুপার আরো বলেন, মেহেরপুরের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভাল আছে। বিগত বছরগুলোতে পূজা উৎসব স্বাচ্ছন্দভাবে উদযাপিত হয়েছে। কোথাও কোন সমস্যা হয়নি। আশাকরি এবারও এর ব্যতিক্রম হবে না এবং মেহেরপুরবাসী শান্তিপূর্ণ পরিবেশে পুজা উদযাপন করতে পারবে। বাসস।
ইত্তেফাক/এমআই
