জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে কুড়িগ্রামে শিক্ষার্থী ও অভিভাবকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে স্থানীয় ৫টি স্কুল ও মাদ্রাসার সহস্রাধীক শিক্ষার্থীর হাতে ড. মুহাম্মদ জাফর ইকবালের মুক্তিযুদ্ধের ইতিহাস গ্রন্থটি তুলে দেয়া হয় এবং পরে শপথ বাক্য পাঠ করানো হয়। এতে কাঁঠালবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, কাঁঠালবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, নেফারদরগা উচ্চ বিদ্যালয়, দাশেরহাট উচ্চ বিদ্যালয় ও কাঁঠালবাড়ী নুরুল্লাহ সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন আল-আজাদ, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল, জেলা পরিষদ সদস্য আব্দুল হক ব্যাপারী, কাঁঠালবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রুহুল আমিন, দাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজনুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মাদক ও জঙ্গিবাদমুক্ত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চাইলে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠের মাধ্যমে তাদেরকে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। পাশাপাশি তাদেরকে বঙ্গবন্ধুর জীবনাদর্শ অনুসরণ করার তাগিদও দিতে হবে। বাসস।
ইত্তেফাক/এমআই
