লক্ষ্মীপুরে গণপিটুনিতে ডাকাতের মৃত্যু

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৯
 
রামগঞ্জ উপজেলার মুক্তারপুর গ্রামে রবিবার দিবাগত রাতে গণপিটুনিতে সালাউদ্দিন (৪০) নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
 
পুলিশ সোমবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সালাউদ্দিন চাটখিল উপজেলার উত্তর বদলকোট গ্রামের ভূইয়া বাড়ির মৃত হারেছ উদ্দিন ভূইয়ার ছেলে। 
 
স্থানীয় সূত্রে জানা যায়,  সালাউদ্দিন দিবাগত রাত ২টার দিকে মুক্তারপুর গ্রামের মৃত আমির হোসেনের ঘরের জানালার গ্রিল কেটে  ভেতরে ঢুকে। পরে তিনি খাটের নিচে অবস্থান নেন।
গ্রিল কাটার শব্দে গৃহকর্তী সালেহা বেগমের ঘুম ভেঙ্গে গেলে তিনি কৌশলে মোবাইল ফোনে বাড়ির অন্য লোকদের খবর দেন। এলাকাবাসী ঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে সালাউদ্দিনকে আটক করে। পরে তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
 
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, সালাউদ্দিনের বিরুদ্ধে চাটখিল থানায় ৪টি ও কুমিল্লার মনোহরগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা রয়েছে। তিনি চাটখিলের কুখ্যাত ডাকাত খোরশেদ আলমের অন্যতম সহযোগী ছিলেন।
 
ইত্তেফাক/ আরকেজি