১৯৮০ সাল থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া সকল রোহিঙ্গা নাগরিককে মিয়ানমারে ফিরিয়ে নিয়ে গণহত্যার সঙ্গে জড়িত মিয়ানমারের সেনাবাহিনীকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন সাবেক পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মিয়ানমারে সহিংসতা বন্ধের দাবিতে সর্বস্তরের বৌদ্ধ সম্প্রদায়ের আয়োজিত এক মানবন্ধন কর্মসূচি করা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর যে জাতিগত নৃশংসতা চলছে তা মেনে নেওয়া যায় না। একটি জাতী গোষ্ঠীকে নির্মূল করার জন্য মিয়ানমারে যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে তার বিরুদ্ধে আজ বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে। ইতিহাসের ভয়াবহ নির্মমতার শিকার মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশ আশ্রয় দিয়ে আমাদের প্রধানমন্ত্রী যে মানবতাবোধের পরিচয় দিয়েছেন তা সারা বিশ্বে প্রসংশিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক তৎপরতা এবং জাতিসংঘে বিশ্বনেতৃবৃন্দের সামনে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ও তাদের ফিরিয়ে নিতে চাপ সৃষ্টির জন্য প্রধানমন্ত্রীর আহ্বানের ফলে এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন বিশ্ব নেতৃবৃন্দ। মিয়ানমারে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে রোহিঙ্গাদের হত্যা নির্যাতন বন্ধ ও রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করছেন বিশ্ব নেতারা।
ড. হাছান মাহমুদ বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মানবতাবোধের পরিচয় দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় ও খাদ্য বস্ত্রের সংস্থান করেছেন সে জন্য সারাবিশ্ব যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসংশায় পঞ্চমুখ তখন আমাদের দেশের বিরোধীদল বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে। মিয়ানমারের ঘটনাকে পুঁজি করে বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। বিএনপিকে এ ধরনের ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান ড. হাছান মাহমুদ।
যাছাই বাছাই করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে মিয়ানমারের বক্তব্যের সমালোচনা করে ড. হাছান মাহমুদ বলেন, কোন যাছাই বাছাই চলবে না। ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নেয়া প্রতিটি রোহিঙ্গা নাগরিককে ফিরিয়ে নিতে হবে। শুধু রোহিঙ্গাদের ফিরিয়ে নিলে হবে না, রোহিঙ্গাদের বর্বরতম নির্যাতন ও হত্যাকাণ্ডে জড়িত মিয়ানমার সেনাবাহিনরি প্রতিটি সদস্যকে বিচারের মুখোমুখি করতে হবে।
বাংলাদেশ বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট ও উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদারের সভাপতিত্বে এই মানবন্ধ কর্মসূচিতে বক্তব্য রাখেন বৌদ্ধ ধর্মীয় গুরু বিমল জ্যোতি মহাস্থবির, ধর্মসেন মহাস্থবির, জ্ঞান বরণ থের, এস লোকজিৎ থের, দিপংকর ভিক্ষু, বিজয় লক্ষী মহাস্থবির, অজিত বরন বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ও রাঙ্গুনিয়া পৌর মেয়র শাহজাহান শিকদার, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, কৃষকলীগ নেতা শফিকুল ইসলাম, তরিৎ কান্তি দে, বিপ্লব শিকদার, এমরুল করিম রাশেদ, ছাত্রলীগ নেতা নুরুল আলম, মিথুন বড়ুয়া, প্রকৌশলী প্রদীপ বড়ুয়া, মৃগাংক প্রসাদ বড়ুয়া, প্রমুখ।
মানবন্ধনে চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধ মন্দিরের ভিক্ষু সম্প্রদায় এবং বিভিন্ন বৌদ্ধ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ ও তাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার দাবি জানান।
ইত্তেফাক/এমআই
