রাজধানীর যাত্রাবাড়ী থেকে লুণ্ঠিত টাকাসহ একটি সংঘবদ্ধ ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আক্তার হোসেন বাবু, আওলাদ হোসেন, ওয়াসিম, সাইফুর রহমান সোহাগ, বাদল হোসেন জহির, ইসমাইল প্রধান বাবু ও আনিস। এ সময়ে তাদের কাছ থেকে ৬ লাখ ১৯ হাজার ৫০০ টাকা, চারটি ছোরা, তিনটি মোটর সাইকেল ও সাতটি ককটেল উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের পুলিশের উপ-কমিশনার ফরিদ উদ্দিন বলেন, ১৮ সেপ্টেম্বর রাতে এক ব্যক্তি নয় লাখ টাকা নিয়ে বাসে করে নরসিংদী যাচ্ছিলেন। যাত্রাবাড়ী এলাকায় বাসের গতিরোধ করে গাড়ি থেকে ওই ব্যক্তিকে নামিয়ে নয় লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত চক্র। তাদের সদস্য সংখ্যা ১২ জন। এদের মথ্যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারে চেষ্টা করা হচ্ছে। তিনি আরও জানান, মতিঝিল এলাকা থেকে কেউ মোটা অঙ্কের টাকা উত্তলন করলে সেই ব্যক্তিকে গ্রেফতার হওয়া চক্রটি অনুসরণ করে। এরপর সুবিধামত স্থানে আটক করে টাকা নিয়ে যায়। ডাকাতির সময় তারা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং সাংবাদিক পরিচয়ও দেয়। এই চক্রটি বাসা বাড়িতেও ডাকাতি করে।
গ্রেফতার অভিযানের ব্যাপারে তিনি জানান, ডাকাতদল যাত্রাবাড়ী এলাকার কনকর্ড টাওয়ারে অবস্থান করছে বলে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে খবর পায় পুলিশ। এরপর সেখানে অভিযান চালিয়ে ডাকাতদলের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকা থেকে বাকি পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ছোড়ে এতে এক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় যাত্রবাড়ী থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
