ডিজনির কমিক শিশু মনের জন্য ক্ষতিকর!

আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ০৩:১৮

ডিজনির বিখ্যাত কমিক সিরিজ ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ এবং ‘আলাদীন’ এর মতো চলচ্চিত্রকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, এসব ফিল্ম শিশুমনের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর প্রভাব বয়ে আনতে পারে। বছরের পর বছর ধরে ডিজনির কমিক সিরিজগুলো বিশ্বজুড়ে শিশুদের কাছে বিপুল জনপ্রিয়। কিন্তু যুক্তরাষ্ট্রের ওই বিশ্লেষকরা বলছেন, অভিভাবকদের অজান্তে তাদের সন্তানদের জন্য ক্ষতিকর এসব সিরিজ দেখতে দিচ্ছেন তারা। তাদের দাবি, ডিজনির জনপ্রিয় কমিক স্নো হোয়াইট, স্লিপিং বিউটি কিংবা লায়ন কিং শিশুদের কাছে মানব শরীর নিয়ে বিকৃত এবং অসামঞ্জস্যপূর্ণ ধারণা তৈরি করতে পারে, বর্ণবাদ সৃষ্টি করতে পারে এমনকি পারিবারিক সহিংসতাও তাদের মধ্যে জন্ম নিতে পারে।

ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার হিউম্যানিটি বিভাগের অধ্যাপক ড. ভিক্টোরিয়া ক্যান বলেছেন, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ হচ্ছে সবচে বিপজ্জনক ডিজনি ফিল্ম। এটি শিশুদের খিটখিটে, হিংসাপ্রবণ এবং মারমুখো মানুষ হিসেবে গড়ে উঠতে প্ররোচনা দিতে পারে। এই কমিকের বিস্ট চরিত্রটি এমনই। শিশুরা যদি অবচেতন মনে বিস্টকে তাদের ‘আদর্শ’ হিসেবে গ্রহণ করে তবে তারা বড়ো হয়ে কেমন মানুষ হবে সহজে অনুমেয়। কোনো কোনো ফিল্ম বারবার সঙ্গী বদল করার বিষয়টি দেখায়। এটিও তাদের বহুগামী হতে প্ররোচিত করতে পারে। তাছাড়া সুন্দর চেহারা মানুষ ভালো হয়, আর খারাপ চেহারার মানুষ খারাপ— এমন একটা ধারণাও তৈরি হয় এসব কমিক থেকে। আলাদীন কমিকের প্রধান চরিত্র আলাদীনকে সাদা চামড়ার ভালো মানুষ হিসেবে তুলে ধরা হয়েছে। আর খারাপ চরিত্রগুলোর গায়ের রং কালো। এতে শিশুদের বর্ণবাদের প্রতিও ঠেলে দেওয়া হচ্ছে বলে ক্যান মন্তব্য করেন। শিশুদের বর্ণবাদী হিসেবে গড়ে তুলতে পারে লায়ন কিংও। এটিতেও কালো চামড়ার চরিত্রগুলোকে খারাপ হিসেবে তুলে ধরা হয়েছে।

আরেকজন বিশেষজ্ঞ বলেন, ডিজনির অনেক কমিক চরিত্রে নারীদের ‘অসহায়’ হিসেবে তুলে ধরা হয়। তাদের অপেক্ষা করতে হয় কখন একজন শক্তিশালী পুরুষ এসে তাকে উদ্ধার করবে। স্লিপিং বিউটিতে নারীদের যেভাবে তুলে ধরা হয়েছে বাস্তবে নারীরা সেরকম হতে গেলে অ্যানোরিক্সায়া রোগে কিংবা অপুষ্টিতে ভুগবে।-ডেইলি মিরর