ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সোমবার সরকারি জায়গা দখলে বাধা দেয়ায় ভূমি সহকারী কর্মকর্তাকে মারধর করেছেন এক আওয়ামী লীগ নেতা। পরে ওই আওয়ামী লীগ নেতা কাউছার আলম শিবুকে ২ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সদরের ঘোষের মোড় এলাকায় সকালে প্রায় ৯ শতক সরকারি খাস জমি দখলে নিয়ে বেড়া দেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম শিবু। বেড়া দেয়ার খবর পেয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশফাকুর রহমান অফিস সহায়ক শাহিন আহমেদকে সেখানে পাঠান বাধা দিতে। শিবু গালাগালি করেন শাহিনকে । আশফাকুর রহমান নিজে এসে বাধা দিলে তাকেও গালাগালি করা হয়। এরপর তিনি অফিসে চলে যান। পরে শিবু অফিসে গিয়ে তাকে মারধর করেন।
খবর পেয়ে পুলিশ এসে আশফাকুর রহমানকে উদ্ধার করে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর সালেহীন গাজীর নির্দেশে শিবুকে আটক করে পুলিশ।
ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশফাকুর জানান, জায়গাটি সরকারি। শিবু সেখানে ফার্নিচার রাখার জন্য জায়গাটি দখল করতে বেড়া দিয়ে দেয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার ভূমি মৌসুমী বাইন হীরা জানান, সরকারি কাজে বাধা এবং নায়েবকে মারধর করায় শিবুকে ২ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর সালেহীন গাজী বলেন, এর আগেও শিবু কৃষি অফিসের গাড়ির ড্রাইভারকে মারধর করেছিল।
