মির্জাপুরে চেয়ারম্যানের দুর্নীতি তদন্তে কমিটি গঠন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২০:২৭
 
মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়ার বিরুদ্ধে  অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশের পর চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন এ তদন্ত কমিটি গঠন করেন। তিনি সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।
 
চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে রয়েছেন আহ্বায়ক উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. আহসান হাসিব খান, সদস্য সচিব উপজেলা  কৃষি অফিসার মুহাম্মদ আরিফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা এবং সমাজ সেবা অফিসার মো. খায়রুল ইসলাম।
 
১নং মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাদশা মিয়া বলেন, সাবেক এক ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগসাজশ করে মেম্বাররা আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। পরে ইউএনওর কাছে মিথ্যা ও বানোয়াট  অভিযোগ দিয়েছেন। যার কোন ভিত্তি নেই।
 
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন বলেন, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার পর চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/ আরকেজি