তালায় শাহপুর-মেশারডাঙ্গা সড়কের বেহাল দশা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ০০:৩২

সাতক্ষীরার তালা উপজেলার শাহপুর-মেশারডাঙ্গা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টি হলে এই সড়ক দিয়ে চলাচল করা দুষ্কর হয়ে পড়ে। আর শুকনো মৌসুমে সড়কটি এতই এবড়ো-থেবড়ো থাকে যে যানবাহনে চড়ে যাওয়া তো দূরের কথা বরং কষ্ট করে যানবাহন ঠেলে নিয়ে যেতে হয়। তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর গ্রামের দক্ষিণপাড়া থেকে মেশারডাঙ্গা ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কিঃ মিঃ সড়কটি খুবই বেহাল দশায় পরিণত হয়েছে।

খেশরা ইউনিয়ন, জালালপুর ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের সাতক্ষীরা জেলা শহরসহ বুধহাটা, গুনাকরকাটি, কাদাকাটি, মশককাটি ও আশাশুনি উপজেলা সদরে যাবার জন্য এ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্তমানে এটি প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সংস্কারের অভাবে মাটির রাস্তাটি দিন দিন সরু হচ্ছে। কিন্তু বিকল্প কোনো রাস্তা না থাকায় জনসাধারণকে এই রাস্তা দিয়ে চলাচল করতে হয় এবং প্রতিনিয়ত জনগণকে চরম দুর্ভোগের শিকার হতে হয়।

রায়হান গোল্দার নামের একজন পথচারী জানান, রাস্তা ভালো না হওয়ায় বুধহাটা বাজার ও সাতক্ষীরা সদর হাসপাতালে যেতে অনেক কষ্ট হয়। বৃষ্টি হলে তো রাস্তা দিয়ে চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তাটির দুইধারে কয়েক হাজার বিঘা চিংড়ি চাষের ঘের রয়েছে। যেখান থেকে প্রতি বছর কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। অথচ খারাপ রাস্তার কারণে ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হয়।

আতাউর রহমান নামের একজন চিংড়ি চাষি বলেন, ‘রাস্তা ভালো না থাকায় মাছের ব্যাপারী আসতে চায় না। আমরাও সময়মত মাছ বাজারে পাঠাতে পারি না, এজন্য আমাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়।’ এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কারসহ পাকাকরণের জন্য স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ইত্তেফাক/নূহু