‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ দাবিতে মংলায় বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে পশুর নদীর পাড়ের কলাতলা গ্রামে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে পশুর রিভার ওয়াটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র স্থানীয় প্রতিনিধি নাজমুল হক, নারী নেত্রী গীতা হালদার ও শিক্ষক নেতা মো. হারুনুর রশিদ। এ সময় বক্তারা বলেন, পশুর নদী হচ্ছে সুন্দরবনের প্রাণ। সুতরাং ভাঙন-দূষণ এবং দখল থেকে পশুর নদী রক্ষা করে সুন্দরবনকে রক্ষা করতে হবে।
এ ছাড়া বক্তারা সুন্দরবনের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা এবং পশুর নদীর পাড়ে অপরিকল্পিত শিল্পায়ন বন্ধের দাবি জানান। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, জেলে, বাওয়ালী, মাওয়ালীসহ নানা শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন অংশ নেয়।
ইত্তেফাক/নূহু
