চ্যালেঞ্জটা নিয়ে নিলাম: সোহানা সাবা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫৩
 
অভিনেত্রী সোহানা সাবা। ছোটপর্দায় অভিনয়ের পাশাপাশি বড় পর্দায়ও দেখা মিলে তার। তবে এখন পর্যন্ত যতগুলো চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তার কোনটিই বাণিজ্যিক চলচ্চিত্র ছিলো না। এবার প্রথমবারের মতো বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন সোহানা সাবা।
 
সোহানা সাবা বলেন, ‘চলচ্চিত্র মানেই চ্যালেঞ্জিং একটি বিষয়। বাণিজ্যিক সিনেমায় অভিনয় করাটা বেশ চ্যালেঞ্জিং। এবার সেই চ্যালেঞ্জটা নিয়ে নিলাম।’ সাবা এতদিন বাণিজ্যিক ছবির প্রস্তাব যে পাননি তা নয়। তবে ইচ্ছা তেমন ছিল না।
 
সাবা আরো বলেন, ‘বাণিজ্যিক সিনেমায় অভিনয় করার প্রস্তাব অনেক পেয়েছি। কিন্তু আমার কেন যেন মনে হয়েছিলো আরো ভালো গল্পের জন্য অপেক্ষা করা উচিত। অবশেষে ভালো একটি গল্প পেলাম। এই সিনেমায় আমার যে চরিত্রটা সেটা আমার বেশ ভালো লেগেছে।’
 
ছবির গল্পে দেখা যাবে, পুরান ঢাকায় বেড়ে উঠে আব্বাস। তাকে খুন করতে এসে প্রেমে পড়ে যায় চুটকি। আব্বাসও তাকে খুব ভালোবাসে। ছবিটিতে আব্বাস চরিত্রে থাকছেন নিরব এবং চুটকি চরিত্রে রূপদান করেছেন সাবা। এবারই প্রথম দর্শকরা তাদের পর্দা কেমিস্ট্রি দেখবে।
 
ছবিটির নাম ‘আব্বাস’। নির্মাতা সাইফ চন্দনের পরিচালনায় নতুন ছবি এটি। এতে প্রথমবারের মতো সোহানা সাবার সঙ্গে জুটি বাঁধছেন অভিনেতা নিরব। চলতি মাসের ২০ তারিখ থেকে শুরু হয়েছে ছবিটির দৃশ্যধারণ। চলবে ১ অক্টোবর পর্যন্ত।
 
ইত্তেফাক/আনিসুর