দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, 'সরকার অত্যন্ত জোরালোভাবে আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা ইস্যুকে তুলে ধরতে সক্ষম হয়েছে।' আন্তর্জাতিক পর্যায়ে আরো আলোচনা বৃদ্ধির মাধ্যমে মিয়ানমার সরকার পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটিতে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের নির্মিতব্য বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন দুদক চেয়ারম্যান। পার্বত্য এলাকায় দুর্নীতির বিষয়ে চেয়ারম্যান বলেন, 'দুর্নীতি সংক্রান্ত কোন বিষয় নজরে এলে দুদক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান দুদক চেয়ারম্যান।'
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, দুদকের তিন পার্বত্য জেলার সমন্বয় হাজি শফিকুল রহমান ভূঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
