রাজবাড়ীর গোয়ালন্দে অপহরণের প্রায় দুই মাস পর মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাট থেকে এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। ওই স্কুলছাত্রী দৌলতদিয়া মডেল হাই স্কুলের শিক্ষার্থী।
ঘটনার সাথে জড়িত মো. রনি মিয়াকে (২৫) পুলিশ আটক করতে পারেনি। রনি দৌলতদিয়া উম্বার কাজী পাড়ার সুলতান ড্রাইভারের ছেলে। এর আগে গত ২৬ জুলাই ওই স্কুলছাত্রীর বাবা গোয়ালন্দ ঘাট থানায় রনিসহ অজ্ঞাত একজনকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করে।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই মো. জাহিদুল ইসলাম অভিযোগের আলোকে জানান, বাড়ি থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে স্কুলছাত্রীকে প্রায় রনি প্রেমের প্রস্তাব দেওয়াসহ উত্যক্ত করতো। গত ২২ জুলাই স্কুলছাত্রী সকালে বিদ্যালয়ে আসার পথে পথিমধ্যে পথরোধ করে একটি মাইক্রোবাস যোগে স্কুলছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। প্রাথমিকভাবে পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও উদ্ধার করতে ব্যর্থ হওয়ায় চারদিন পর ২৬ জুলাই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় রনি মিয়া ও অজ্ঞাত মাইক্রোবাস চালককে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর থেকে আসামির পরিবারকে নানাভাবে চাপ সৃষ্টি করা হয়। চাপ প্রয়োগের এক পর্যায়ে উপায় না পেয়ে মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের কাছে স্কুলছাত্রীকে ফেলে আসামিরা পালিয়ে যায়। বিষয়টি জানার পর স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। তাকে ডাক্তারি পরীক্ষা শেষে রাজবাড়ীর মুখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হচ্ছে। এছাড়া স্কুলছাত্রীর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
ইত্তেফাক/জামান
