ঝিনাইদহে 'জঙ্গি' রুবিনা গ্রেফতার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৩:১৬
 
ঝিনাইদহে পুলিশের সাথে গোলাগুলিতে নিহত জঙ্গি আব্দুল্লাহ'র স্ত্রী রুবিনাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার মহিষাকুণ্ডু গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গত ২২ এপ্রিল বিকেলে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও জেলা পুলিশ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানা আব্দুল্লাহ'র বাড়িতে অভিযান চালায়। এ সময় আব্দুল্লাহ ও স্ত্রী রুবিনা শিশু কন্যা নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্র উদ্ধার করা হয়।
 
ওসি আরও জানান, এরপর ৮ মে মহেশপুর উপজেলার বজরাপুর একটি জঙ্গি আস্তানায় কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের সাথে গোলাগুলিতে আব্দুল্লাহসহ আরো এক জঙ্গি নিহত হন। কয়েক জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বাড়ির মালিক ও তার ছেলেকে গ্রেফতার করা হয়। ওসি এমদাদুল হক দাবি করে বলেন, 'রুবিনা একজন জঙ্গি। তার বিরুদ্ধেও মামলা আছে।'
 
ইত্তেফাক/জামান