কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা নাফ নদের বেড়িবাঁধে অভিযান চালিয়ে এক লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাতে সাবরাং সীমান্তের ৪ নম্বর স্লুইস গেইটের পাশ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসবে এমন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মো. আব্দুর রাজ্জাক বিশ্বাসের নেতৃত্বে বিজিবি জওয়ানেরা ওই এলাকায় অতিরিক্ত টহল জোরদার করে। রাত আড়াইটার দিকে চার/পাঁচজন লোক তিনটি বস্তা নিয়ে স্লুইস গেইটের কাছাকাছি পৌঁছুলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি পিছন থেকে ধাওয়া করে।
এসময় বস্তাগুলি ফেলে পাচারকারীরা দ্রুত গ্রামের মধ্যে ঢুকে পড়ে। তাদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি চালিয়ে বিজিবি ওই ইয়াবা উদ্ধার করে।বিজিবির অধিনায়ক লে: কর্নেল এস.এম. আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, 'উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।'
ইত্তেফাক/জামান
