'আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতো ভেসে/শুধু তোমায় ভালবেসে' শ্রেয়া ঘোষালের এই জনপ্রিয় গানটিতে প্রিয় মানুষকে কাছে পাওয়া, তার স্মৃতিকে আঁকড়ে ধরে নতুন করে পথ চলার কথা তুলে ধরা হয়েছে। বহুল আলোচিত এই গানটির সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন নৃত্য শিল্পী তাদের নৃত্য পরিবেশনা করেছেন। তবে এই গানটির সাথে এবার নতুন আঙ্গিকে নৃত্য পরিবেশনা করেছেন চট্টগ্রামের জনপ্রিয় শিল্পী সূচনা বনিক।
একটি বেসরকারি টেলিভিশনের নাচের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া এই শিল্পী নিজের তার নাচের কোরিওগ্রাফি করেছেন। বিটিভি'র বিশেষ নৃত্যানুষ্ঠান 'ছন্দে ছন্দে' এবার সাজানো হয়েছে জনপ্রিয় সব গানের সাথে নৃত্য পরিবেশনা নিয়ে। অনুষ্ঠানে নৃত্যশিল্পী প্রিতা পারমিতা, আদিবা ওয়াদুদ, প্রিয়া, প্রিয়ংকা বড়ুয়া, জাহিদুল ইসলামসহ বেশ কয়েকজনকে জনপ্রিয় গানের সাথে ভিন্ন মাত্রার কোরিওগ্রাফিতে দেখা যাবে।
অনুষ্ঠানের প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নী বলেন, নৃত্যানুষ্ঠানে ভিন্নমাত্রা আনতে 'ছন্দে ছন্দে' নৃত্যানুষ্ঠানের দু'টি পর্ব ধারণ করা হয় মিনি বাংলাদেশ খ্যাত চট্টগ্রামের স্বাধীনতা পার্কে। আর নৃত্য শিল্পীরাও জনপ্রিয় গানের সাথে কোরিওগ্রাফি করেছেন। কাঠফাটা রোদেও শিল্পীরা সেরা নাচ উপহারের জন্য বেশ কয়েকবার করে নেচেছেন। আর শুটিং ইউনিটের সবার চেষ্টা আর পরিশ্রমে দুটি পর্বই অনেক ভাল হয়েছে।
অনুষ্ঠানের দুটি পর্বই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের শারদীয় দুর্গা উৎসবের বিশেষ আয়োজনে দেখানো হবে।
ইত্তেফাক/আনিসুর
