মান্দায় গ্যারেজ মালিককে হত্যা, আটক ১

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৯
 
নওগাঁর মান্দায় আন্ত:জেলা চোর সিন্ডিকেটের সদস্যদের হাতে ইউনুছ আলী সরদার (৫০) নামে এক গ্যারেজ মালিক খুন হয়েছেন। সোমবার গভীর রাতে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের চকউলী বাজারের অদূরে এ ঘটনা ঘটে। এতে একজনকে আটক করেছে পুলিশ।
 
নিহত ইউনুছ আলী ওই গ্রামের আকবর আলী সরদারের ছেলে। পুলিশ সূত্র জানায়, গ্যারেজে থাকা অটোরিকশা চুরিতে বাধা দেওয়ায় তাকে খুন করা হয়ে থাকতে পারে। ঘটনায় একচোরকে আটক ও গ্যারেজ থেকে চুরি যাওয়া তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
থানার ওসি আনিসুর রহমান জানান, সোমবার রাতে থানার সহকারী উপপরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে একটি টিম পাঁজরভাঙ্গা-জলছত্র রাস্তায় টহলের দায়িত্বে ছিলেন। রাত ৩টার দিকে ওই রাস্তায় ডাক্তারের মোড়ে দুইটি অটোরিকশা আসতে দেখে থামার নির্দেশ দেন। এসময় অটোরিকশায় থাকা চারব্যক্তি পালানোর চেষ্টা করে। এদের মধ্যে শহিদুল ইসলাম (৪৫) পাশের ডোবায় পড়ে গেলে তাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
 
ওসি আরো জানান, আটক শহিদুল ইসলাম নওগাঁ সদর উপজেলার বনানীপাড়া এলাকার সোলাইমান আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম এ হত্যাকাণ্ড ও চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে তিন সহযোগীর নাম প্রকাশ করেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করতে রাজি হননি। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/জামান