ফোবানা সম্মেলন, প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের সবচেয়ে বর্ণিল আয়োজন। দীর্ঘ পাঁচ বছর পর এবারের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ফ্লোরিডায়। আগামী ৬ অক্টোবর ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে অনুষ্ঠিত হবে ৩১তম ফোবানা সম্মেলন।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার আয়োজনে এবারের ফোবানা সম্মেলনটি মায়ামির ডাউন টাউন হায়াত রিজেন্সিতে শুরু হবে। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ৮ আক্টোবর। সেখানে প্রদর্শিত হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি সিনেমা।
জানা গেছে, নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ও আরিয়াল ক্রিয়েটিভ স্পেস প্রযোজিত ‘গেরিলা’, জাহিদুর রহিম অঞ্জন পরিচালিত ও বেঙ্গল ক্রিয়েশন প্রযোজিত ‘মেঘমল্লার’ এবং মোরশেদুল ইসলামের পরিচালনায় বেঙ্গল ক্রিয়েশন প্রযোজিত ‘অনিল বাগচীর একদিন’ প্রদর্শিত হবে উৎসবে।
এবারের ফোবানা সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আর সম্মেলনের সাংস্কৃতিক পর্বটি সাজানো হয়েছে দুই কিংবদন্তি শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের সমন্বয়ে। তাদের সঙ্গে আসছেন শিল্পী কুমার বিশ্বজিৎ ও তাহসান।
ইত্তেফাক/আনিসুর
