ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি-বিএটির দুর্নীতির বিচার দাবি করেছে বিড়ি শ্রমিক ফেডারেশন। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন সংগঠনটির নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক লোকমান হাকিম বলেন, কোটি কোটি টাকা কর ফাঁকি দিয়ে বিদেশে পাচার করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে এ তথ্য প্রকাশ হয়েছে।
তিনি বলেন, বিশেষ করে দামি সিগারেটের দাম ২০১৪-১৫ অর্থবছরে প্রতি প্যাকেটে ছিল ৯০ টাকা। ২০১৫-১৬ অর্থবছরে সেই সিগারেটের দাম করা হয়েছে ৭০ টাকা। আমরা মনে করি, এই দাম কমানোর পেছনে সরকারি কর্তাদের ব্যবহার করেছে বিএটি।
লোকমান হাকিম বলেন, ২০০৯-১০ থেকে ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত চার বছরে প্রতিষ্ঠানটি সঠিকভাবে রাজস্ব পরিশোধ না করে ১ হাজার ৯২৪ কোটি টাকা ভ্যাট ও সম্পূরক শুল্ক ফাঁকি দিয়েছে। ওই টাকা যাতে না দিতে হয়, সেজন্য হাইকোর্টে মামলা করেও হেরে যায় বিএটি।
সংগঠনের সাধারণ সম্পাদক এম কে বাঙ্গালি বলেন, ব্রিটিশ আমেরিকান কোম্পানি এ দেশের লাখ লাখ মানুষের কর্মসংস্থান ধ্বংস করার জন্য কোটি কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, এই বিড়ির বাজার দখল করতে বিএটি ৫০ বছর ধরে ষড়যন্ত্র করছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সংগঠনটির দফতর সম্পাদক আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/ইউবি
