সাতক্ষীরায় শিশুসহ ১৭ বাংলাদেশিকে ফেরত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ২২:১২
 
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে পৃথক দুটি পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ১৭ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। এদের মধ্যে ছয়জন পুরুষ, আটজন নারী ও তিনজন শিশু রয়েছে।
 
মঙ্গলবার দুপুরে উপজেলার ভাদিয়ালী ও কেড়াগাছি সীমান্তে পৃথক দুটি পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়। ফেরত আসা এসব বাংলাদেশিদের বাড়ি গোপালগঞ্জ, খুলনা ও নীলফামারীর  বিভিন্ন গ্রামে।
 
সাতক্ষীরা ৩৮ বিজিবির কাকডাঙ্গা ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) নায়েব সুবেদার মিজানুর রহমান জানান, কাজের সন্ধানে চোরাই পথে তারা অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মঙ্গলবার সকালে উপজেলার ভাদিয়ালী ও কেড়াগাছি সীমান্তের বিপরীতে ভারতের ৭৬ ব্যাটালিয়নের হাকিমপুর ও তারালী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করে।
 
এরপর মঙ্গলবার দুপুরে ভাদিয়ালি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৮ জন এবং পার্শ্ববর্তী কেড়াগছি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৯ জন বাংলাদেশিকে ফেরত দেয় বিএসএফ।  ফেরত আসা এসব বাংলাদেশিদের কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
 
কলারোয়া থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, তাদের বিরুদ্ধে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার অপরাধে মামলা দিয়েছে বিজিবি।
 
ইত্তেফাক/ আরকেজি