কুড়িগ্রামের নাগেশ্বরীতে পৃথক দু'টি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবার ও এলাকাবাসী জানায়- মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা গোপালের খামারের মোক্তার আলী (৬৫), তার ছেলে ইয়াছিন আলী (২৫) ও নাগেশ্বরী ব্যাপারী হাট বাজারের মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০) একটি মোটর সাইকেলে করে নাগেশ্বরী আসছিল। এসময় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহা সড়কের নাগেশ্বরী পায়রাডাঙ্গা নামক স্থানে তা নিয়ন্ত্রণ হারিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তার খাদে পড়ে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে রবিউল ইসলাম মৃত্যুবরণ করেন। অপর দুই জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছে। নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) আফজালুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়াও ওই দিন সন্ধ্যার কোন একসময় অন্ধকারে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ কাজলারপাড় গ্রামের নরেন বর্মণ (৪৮) বাই সাইকেলে যাওয়ার সময় কুমরপুর হরি মন্দিরের পাশে বন্যায় ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহা সড়কের খাদে পড়ে মারা যায়।
ইত্তেফাক/জামান
