দুর্গাপূজায় নিরাপত্তায় রংপুরে ২৮ হাজার ৬৫৬ আনসার-ভিডিপি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৫
রংপুর বিভাগের আট জেলায় আয়োজিত ৫ হাজার ১০৭টি মণ্ডপে শারদীয় দুর্গা পূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে ২৮ হাজার ৬৫৬ জন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) এর প্রশিক্ষিত জনবল মোতায়েন করা হয়েছে।
 
২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপি’ প্রশিক্ষিত পুরুষ ও নারী জনবল মোতায়েন করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর আঞ্চলিক অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রংপুর বিভাগের আট জেলায় স্থাপিত এসব মণ্ডপগুলোর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে ১ হাজার ৩৬৫টি, গুরুত্বপূর্ণ হিসেবে ১ হাজার ৩৮৪টি ও সাধারণ হিসেবে ২ হাজার ৩৫৮টি পূজমণ্ডপ চিহ্নিত করা হয়েছে। এ সকল মণ্ডপে ২৬ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালনের জন্য আনসার-ভিডিপি’র জনবল নিযুক্ত করা হয়েছে।
 
এ বছর রংপুর জেলার ৮৬৪টি, গাইবান্ধার ৫৭৩টি, কুড়িগ্রামের ৪৮৫টি, লালমনিরহাটের ৪২১টি, নীলফামারীর ৮৩৭টি, দিনাজপুরের ১ হাজার ২১০টি, ঠাকুরগাঁর ৪৪৫টি ও পঞ্চগড় জেলার ২৭২টি পূজামণ্ডপে পুলিশ বাহিনীর সাথে আনসার-ভিডিপি বাহিনীর আইন-শৃংখলা ও জননিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ ও মহিলা সদস্যদের মোতায়েন করা হয়েছে।
 
পূজোৎসব নির্বিঘ্ন ও নিরাপদভাবে উদযাপনের জন্য মণ্ডপসমূহের চাহিদা অনুযায়ী পুলিশ বাহিনীর তত্ত্বাবধানে রংপুর বিভাগের সকল জেলা ও উপজেলা তথা গ্রামীণ পর্যায়ের দুর্গোৎসবকালীন পূজামণ্ডপসহ দুর্গা প্রতিমা এবং দর্শণার্থীদের সার্বিক নিরাপত্তা বিধানে নারীসহ আনসার ভিডিপি’র ২৮ হাজার ৬৫৬ জন সক্রিয় সদস্য-সদস্যা নিয়োজিত রয়েছেন।
 
আনসার-ভিডিপি বাহিনীর একজন প্লাটুন কমান্ডার (পিসি) এবং একজন সহকারী প্লাটুন কমান্ডারের (এপিসি) নেতৃত্বে মন্ডপের গুরুত্বানুযায়ী সাধারণ, গুরুত্বপূর্ণ ও অধিক গুুরুত্বপূর্ণ বিবেচনায় যথাক্রমে মণ্ডপপ্রতি চারজন, ছয়জন ও আটজন করে পুরুষ ও নারী আনসার-ভিডিপি সদস্য-সদস্যা আইন শৃংখলা রক্ষা কাজে নিয়োজিত থাকছেন। বাসস।
 
ইত্তেফাক/এমআই