সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় বিএনপি : হাছান মাহমুদ

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:১৪
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ বলেছেন, রোহিঙ্গা ইস্যুকে পুঁজি করে বিএনপি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। 
 
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
 
ড. হাছান মাহমুদ বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান, বাঙালি, অবাঙালি, মগ, মুরং, চাকমা সবাই মিলে আমরা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে দৃষ্টান্ত স্থাপন করেছি এটি মিয়ানমারের জন্য যেমন উদাহারণ সমগ্র পৃথিবীর জন্য এটি উদাহারণ। আর বাংলাদেশে একটি দল সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে, সেই সাম্প্রদায়িক অপশক্তির প্রধান পৃষ্টপোষক ও লালন পালনকারী হচ্ছে বিএনপি এবং বিএনপি নেত্রী খালেদা জিয়া। তিনি শুধু জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় দাতা নয়, তিনি সাম্প্রদায়িক অপশক্তিরও প্রধান আশ্রয় দাতা। 
 
সংগঠনের সভাপতি লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক চিফ হুইপ সাগুপ্তা ইয়াছমিন এমিলি , সংসদ সদস্য সানজিদা রহমান, আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক ফজলুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাছান ইমাম, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক,  ড. এনামূল হক প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি