বিভা, মতি ও মিনু নাসিকের প্যানেল মেয়র নির্বাচিত

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৪
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র পদে তিনজনের মধ্যে দুইজনই নারী জয়ী হয়েছেন। এরা হলেন— আফরোজা হাসান বিভা, মতিউর রহমান মতি ও মিনোয়ারা বেগম মিনু।
 
বুধবার সিটি করপোরেশনের নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি করপোরেশনের মাসিক সভা শেষে ভোট গ্রহণ সম্পন্ন হয়। মেয়র আইভীসহ মোট ৩৭ জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করেন। এই প্রথম প্যানেল মেয়র পদে দুইজন নারী নির্বাচিত হলেন।
 
প্যানেল মেয়র-১ পদে জয়ী হবার পর প্রতিক্রিয়ায় আফরোজা হাসান বিভা বলেন, আমি সকল কাউন্সিলরদের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞ। আমি সকলের জন্য যেন কাজ করতে পারি সেজন্য দোয়াপ্রার্থী এবং আমি আমার শেষ দিন পর্যন্ত সকলের জন্য কাজ করে যেতে চাই।
 
প্যানেল মেয়র-২ পদে জয়ী মতিউর রহমান মতি বলেন, আমার উপর যে দায়িত্বই অর্পিত হবে সে দায়িত্বই আমি সঠিকভাবে পালনের জন্য সর্বাত্তক চেষ্টা করবো। নির্বাচনে বাকী যারা জয়ী হয়েছেন তাদের প্রতিও শুভেচ্ছা রইলো। যারা এখানে অংশগ্রহণ করেছে সকলেই যোগ্য, আমি সবাইকে নিয়েই একসাথে কাজ করতে চাই।
 
মিনোয়ারা বেগম মিনু বলেন, আমাকে যারা ভোট দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এ ছাড়াও আমি সকলের প্রতিই কৃতজ্ঞ। বিগত সময়ের চেয়ে আরো বেশী উদ্যমী হয়ে আমি সকলের সাথে মিলে কাজ করতে চাই, সবাইকে নিয়েই সামনের দিকে এগুতে চাই।
 
প্যানেল মেয়র -১ পদে তিনজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাঁরা হলেন সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা হাসান বিভা, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল করিম বাবু। ভোটে বিভা ১৬ ভোট পেয়ে বিজয়ী হন। প্রতিদ্বন্দ্বী বাবু পেয়েছেন ১৩ ও খোরশেদ পেয়েছেন ৫ ভোট। একটি ভোট বাতিল হয়।
 
প্যানেল মেয়র-২ পদে ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। অপরদিকে প্যানেল মেয়র-৩ পদে তিনজন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তারা হলেন মিনোয়ারা বেগম মিনু, শারমিন হাবিব বিন্নী ও আয়েশা আক্তার দিনা। কাউন্সিলরদের ভোটে মিনু ও বিন্নী ১৩টি করে ভোট পান। একটি ভোট বাতিল হয়। আর দিনা পান ৮ ভোট। পরে আইভী ভোট দিলে ১৪ ভোটে জয়ী হন মিনু।
 

ইত্তেফাক/এএম।