বরিশালে রেস্তোরায় ভ্রাম্যমান আদালতের জরিমানার প্রতিবাদে ধর্মঘট

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৯

সম্প্রতি বরিশালে র‌্যাবের ভ্রাম্যমান আদালত বিভিন্ন রেস্তোঁরা ও খাবার হোটেলে অভিযান চালিয়ে জরিমানা করে।  অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মানসম্পন্ন খাবার না হওয়ার অভিযোগে এসব জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকার পরিমান আগের যে কোন সময়ের চেয়ে বেশি দাবি করে হোটেল মালিক ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছে। তারা ঐক্যবদ্ধ হয়ে বুধবার রাত ৯টা থেকে নগরীর সকল খাবার হোটেল বন্ধ করে দিয়েছেন।

রাত সাড়ে ৯টার দিকে ব্যবসায়ীরা হোটেল সেডোনায় এ ব্যাপারে করনীয় নির্ধারণে বৈঠক করে। বৈঠকে শেষে তারা অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন।

হোটেল-রেস্তোঁরা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাসিব আহসান জানান, র‌্যাবের ভ্রাম্যমান আদালত নগরীর বিভিন্ন স্থানে খাবার হোটেল ও রেস্তোরায় বিকেলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তাদের জরিমানার পরিমান অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি।

এদিকে র‌্যাব সুত্রে জানা গেছে, সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে নানা অনিয়মের কারণে বরিশাল নগরীর হোটেল-রেস্তোঁরায় অভিযান চালানো হয়। যেখানে অনিয়ম প্রমাণিত হয়েছে সেখানে ভ্রাম্যমান আদালত জরিমানা আদায় করেছেন।

এদিকে রাত ৯টার পর খাবারের দোকানগুলো আকস্মিক বন্ধ হয়ে যাওয়ায় দূর দূরান্ত থেকে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রী যাপন করতে আসা লোকজন পড়েছে দুর্ভোগে। পাশাপশি শারদীয় দূর্গাউৎসবে সাধারণ মানুষ ঘোরাঘুরি শেষে খাবারের দোকানে এসে হতাশ হয়ে ফিরে গেছে।

ইত্তেফাক/নূহু