দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ হাতিয়ার জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে এক মানববন্ধনে তারা এ দাবি জানান। মানববন্ধন হতে স্বাধীন মত প্রকাশে প্রতিবন্ধকতা সৃষ্টকারী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানানো হয়।
মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের সংবিধানে চিন্তার স্বাধীনতা, বাক-স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে এবং এই স্বাধীনতাকে সুদৃঢ় ও কার্যকর করার লক্ষ্যেই তথ্য অধিকার আইন প্রণীত হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি একদিকে আইনটি বাস্তবায়নের কথা বলে আর অন্যদিকে মানুষের বাক-স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাহলে আইনটির কার্যকর বাস্তবায়ন সম্ভব হবে না। এর ফলে আইনটির সুফল থেকে মানুষ বঞ্চিত হবে।
মানববন্ধনে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সাফল্য অর্জনকারী বিভিন্ন দেশের অভিজ্ঞতা এবং তথ্য অধিকার বিষয়ে টিআইবি পরিচালিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের অভিজ্ঞতা থেকে ৭টি করণীয় তুলে ধরা হয়। এগুলোর মধ্যে তথ্য অধিকার আইনে ব্যবসা, রাজনৈতিক দল ও গণমাধ্যকে অন্তর্ভুক্ত করা; কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য প্রাপ্তির সঠিক আবেদন তৈরিতে সহায়তার জন্য সরকার কর্তৃক জনসাধারণের জন্য ‘তথ্য ও পরামর্শ ডেস্ক’ বা অনলাইন উদ্যোগ গ্রহণ করা উল্লেখযোগ্য।
ইত্তেফাক/নূহু
