কুষ্টিয়ার মিরপুরে শিক্ষার গুণগতমান উন্নয়ন নিশ্চিতকরণে কোচিং বাণিজ্য বন্ধের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে গতকাল বুধবার সকালে অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কোচিং বাণিজ্য শিক্ষা বিস্তারে নানা প্রতিবন্ধকতা তৈরি করছে। কোচিং বাণিজ্যের কারণে বিদ্যালয়ের শিক্ষকেরা বিদ্যালয়ে ঠিক মতো শিক্ষা দিচ্ছেন না। তাদের আগ্রহ কোচিংয়ের প্রতি বেশি। সেখানে যে সকল শিক্ষার্থী কোচিং করতে যাচ্ছেন শিক্ষকেরা তাদের গুরুত্ব দিচ্ছেন। কিন্তু অনেক মেধাবী শিক্ষার্থী দরিদ্র ঘরের সন্তান হওয়ায় কোচিং সেন্টারে যেতে না পারায় শিক্ষকের কাছে গুরত্ব পাচ্ছে না বিধায় তার মেধার বিকাশ হচ্ছে না। এভাবে প্রকৃত মেধাবী অনেকে সুযোগ বঞ্চিত হচ্ছে বলে সভায় বক্তারা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী কামারুল আরেফিন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা জায়েদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যক্ষ আনোয়ারুজ্জামান মজনু বিশ্বাস, মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ সালেহ উদ্দিন আহমেদ, চিথলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল বাকী, মিরপুর থানার এসআই কাজী জুবাইর প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আশিকুজ্জামানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার।
সভায় বক্তারা দাবি রাখেন, শিক্ষকদের কোচিংমুখী মানসিকতা থেকে ফেরাতে হবে। তারা যাতে বিদ্যালয়ে সঠিকভাবে শিক্ষাদানের দায়িত্ব পালন করেন সে ব্যাপারে সচেষ্ট হতে হবে। অন্যথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।
ইত্তেফাক/নূহু
