রোহিঙ্গা ইস্যুতে ভারত বাংলাদেশের পাশে আছে: হর্ষবর্ধন শ্রিংলা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৪
 
বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে আছে ভারত। গতকাল বুধবার ঢাকায় বারডেম অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
 
মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা মুসলিমের বাংলাদেশে আশ্রয় নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারতীয় কূটনীতিক বলেন, এই সংকটে আমরা বাংলাদেশের পাশে আছি। সংকট সমাধানে আমাদের কূটনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে। 
 
তিনি বলেন, ইতিমধ্যে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য কিছু ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে, আরো ত্রাণ সহায়তা দেওয়া হবে। এ সময় তিনি অসুস্থ ও আহত রোহিঙ্গাদের জন্য জরুরি চিকিত্সা সেবার সুযোগ তৈরি করতে ভারতের হাসপাতালগুলোর প্রতি আহ্বান জানান। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রতি তার সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
 
ভারতের পশ্চিমবঙ্গে ডায়াবেটিস বিষয়ে বিশেষজ্ঞ চিকিত্সক গড়ে তোলার জন্য সিসিডি কোর্স চালুর লক্ষ্যে কলকতাস্থ ডায়াবেটি অ্যাওয়ারনেস এন্ড ইউর সঙ্গে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির এক চুক্তি স্বাক্ষর নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
 
তিনি বলেন, যত বেশি দিন রোহিঙ্গা বাংলাদেশে থাকবে তত বেশি সমস্যার তৈরি হবে। রোহিঙ্গা মুসলিমরা যাতে দ্রুত ও সহজভাবে নিজ দেশে ফিরে যেতে পারে সেজন্য আমরা শক্ত পদক্ষেপ আশা করি। 
 
ইত্তেফাক/আনিসুর