পাঁচবিবিতে মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ওমর ফারুক সোহেল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের শিমুলতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত দুইজনকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাড়ে ১১টার দিকে পাঁচবিবি পৌর সদরের দমদমা মহল্লার মোস্তাকের ছেলে অর্নব (২০), সানাউল্লাহর ছেলে সালমান (২০) ও নুরুলের ছেলে ওমর ফারুক সোহেল (২২) তিন বন্ধু মিলে পাহাড়পুর বৌদ্ধ বিহারে মোটরসাইকেল যোগে যাবার পথে শিমুলতলী নামক স্থালে হিলিগামী একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই ওমর ফারুক সোহেল মারা যান।
অর্নব ও সালমান আহত হলে স্থানীয় লোকজন তাদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থাল থেকে ট্রাক আটক করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
