‘উন্নত দেশে পরিণত করতে এসএমই খাতের ভূমিকা গুরুত্বপূর্ণ’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৮
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সামাজিক অগ্রগতির পাশাপাশি বাংলাদেশ এখন অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে। 
 
তিনি বলেন, রূপকল্প-২০২১ প্রকাশের পর থেকে গত সাড়ে আট বছর ধরে অর্থনীতিতে বৈচিত্র আনা এবং উৎপাদন ও সেবা খাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ কাজ করে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সাল নাগাদ উন্নত দেশে পরিনত করার ক্ষেত্রে এসএমই খাতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। 
 
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘এমপ্লয়মেন্ট, ইক্যুইটি অ্যান্ড ডাইভারসিফিকেশন অব এসএমই’স ইন বাংলাদেশ : এক্সপিরিয়েন্স অব দ্যা জার্মান মডেল’ শীর্ষক এক্সপার্ট গ্রুপের মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 
পররাষ্ট্র মন্ত্রণালয়, এসএমই ফাউন্ডেশন এবং জার্মান ফ্রেডরিখ এবার্ট স্টিফটাঙ্গ (এফইএস), বাংলাদেশ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্পমন্ত্রনালয়ের সচিব মুহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টমাস প্রিনজ ও এফইএস বাংলাদেশ-এর আাবাসিক প্রতিনিধি ফ্রানজিসকা কর্ন।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমদের সঞ্চালনায় প্লেনারি সেশনে বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম, জার্মানির বার্লিন স্কুল অব ইকোনমিকস এ্যান্ড ল’-এর অধ্যাপক হ্যান্সজোয়ের্গ হের ও জেনেপ নেটেকোভেন, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ কর্মচারী ফেডারেশনের সাবেক সভাপতি সালাউদ্দিন কাশেম খান। বাসস
 
 
 
ইত্তেফাক/ইউবি