স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৫
 
স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান এই রায় দেন। দণ্ডিত আসামি মো. সাজু মিয়া ওরফে মাধন (৪৭) বগুড়া জেলার কটিনার পাড়া কলেজ রোডের হটুমিয়া লেন নিবাসী মৃত ফটুমিয়ার ছেলে। রায় ঘোষণার আগে কারাগারে থাকা আসামিকে আদালতে হাজির করা হয়। 
 
রায় ঘোষণার সময় মামলার বাদী নিহত চন্দনা খাতুনের বাবা মোশারফ হোসেন আদালতে হাজির ছিলেন। তিনি এ রায়ে সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকর করতে সংশ্লিস্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এ মামলায় বিচার চলাকালে চার্জশিটভুক্ত ৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ২০১২ সালের ২৫ অক্টোবর মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
 
মামলার নথি থেকে জানা যায়, হত্যাকাণ্ডের সময় চন্দনার বয়স ছিল ২২ বছর। তিনি মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে পড়তেন। স্বামীর সঙ্গে আদাবর শেখেরটেক এলাকার এক বাড়িতে তিনি সাবলেট থাকতেন। ২০১২ সালের ১৪ মে রাতে ঝগড়াঝাটির একপর্যায়ে চন্দনাকে খুন করেন সাজু। তিনি পালিয়ে যাওয়ার সময় ওই বাসার ভাড়াটিয়া মাহবুব হোসেন তাকে দেখে ফেলেন। হত্যাকাণ্ডের পরদিন চন্দনার বাবা মোশারফ হেসেন আদাবর থানায় এই মামলা দায়ের করেন। ২৭ মে মোহাম্মদপুরের তাজমহল রোডে অভিযান চালিয়ে ৩৩ বছর বয়সী সাজু মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
 
ইত্তেফাক/কেকে