দুদকের মামলায় বাহাউদ্দিন নাছিমের বেকসুর খালাস

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৪
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বেকসুর খালাস পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। 
 
বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস এই রায় দেন। রায়ে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে। এ কারণে তাকে খালাস দেয়া হলো।  রায় ঘোষনার সময় বাহাউদ্দিন নাসিম আদালতে উপস্থিত ছিলেন। 
 
স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব চেয়ে ২০০৭ সালের ৯ জুলাই বাহাউদ্দিন নাছিমকে নোটিশ দেয় দুদক। ওই বছরের ১৭ জুলাই বাহাউদ্দিন নাছিম তার মা নুর জাহান বেগমের মাধ্যমে সম্পদের হিসাব বিবরণী দাখিল করেন। পরে হিসাব বিবরণী যাচাই-বাছাই করে ১ কোটি ৮৩ লাখ ১ হাজার ৬৪৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২১ নভেম্বর নগরীর রমনা থানায় নাছিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক বেনজীর আহম্মদ। 
 
২০০৮ সালের ৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এক দশক আগে দুদকের দায়ের করা এ মামলার চার্জশিটভুক্ত ২৪ সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে বৃহস্পতিবার উপরোক্ত রায় দেন আদালত।
 
ইত্তেফাক/ইউবি