আশুগঞ্জে দুই মণ গাঁজা জব্দ, আটক ২

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:০৮
 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই মণ গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার আশুগঞ্জ গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হলেন, শরীয়তপুরের নড়িয়া এলাকার আবুল হোসেন মিয়ার ছেলে খোরশেদ আলম ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকার আব্দুল হামিদ মিয়ার ছেলে মোজাম্মেল হক।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকায় অভিযান চালায় পুলিশ। জেলার বিজয়নগর থেকে একটি প্রাইভেটকারে করে ওই গাঁজা নিয়ে গাজীপুরের মাওনা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। গোলচত্ত্বরে পুলিশের অভিযানের সময় প্রাইভেটকারটিতে তল্লাশি চালায় পুলিশ। এসময় গাড়ির পিছনের ব্যাক ঢালার নিচে বিশেষ কায়দায় রাখা ৪০টি প্যাকেটে দুই মণ গাঁজা পাওয়া যায়। পরে পুলিশ এসময় খোরশেদ আলম ও মোজাম্মেল হককে আটক করে।
 
আশুগঞ্জ থানার ওসি মো. বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের কাছ থেকে ৪০টি প্যাকেটে দুই মণ গাঁজা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান