‘টেকসই উন্নয়নে আরটিআই ও সরকারি ওয়েবপোর্টালকে কাজে লাগান’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৭
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তথ্য অধিকার আইনের (আরটিআই) পাশাপাশি ২৫ হাজার সরকারি ‘ওয়েবপোর্টাল’কে কাজে লাগিয়ে সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সকল গণমাধ্যম এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। 
 
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠান ও দুপুরে শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। দুটি অনুষ্ঠানেই সভাপতিত্ব করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. মো. গোলাম রহমান।
 
তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্রের মূলমন্ত্র হচ্ছে জনগণের সজাগ দৃষ্টি। জনগণ যাতে অবাধে প্রয়োজনীয় তথ্য জানতে পারে সেজন্যই শেখ হাসিনার সরকার ২০০৯ সালে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে, গঠন করেছে তথ্য কমিশন। শুধু তাই নয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত হয়েছে ২৫ হাজার সরকারি ওয়েবপোর্টাল, যেখানে সকল সরকারি দপ্তরের তথ্য রয়েছে। 
 
তিনি বলেন, শুধু আইন এবং তথ্য পাওয়ার সুবিধাই যথেষ্ট নয়, সরকারি ওয়েব এবং তথ্য অধিকার আইন কাজে লাগানোর মাধ্যমেই কেবল জনগণ ও গণমাধ্যম দেশে অবাধ তথ্যপ্রবাহ বজায় রাখতে পারে। এর ফলে নাগরিক সেবা নিশ্চিত হবে, দুর্নীতি ও বৈষম্য দূর হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে ও ইতিহাস বিকৃতি বন্ধ হবে। বাসস
 
ইত্তেফাক/ইউবি