‘প্রধানমন্ত্রীর আহ্বানে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব এখন সোচ্চার’

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২১:১০
আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বিশ্ব নেতৃবৃন্দ এখন মিয়ানমারের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। 
 
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিকালে আজিমপুর এতিমখানায় এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 
 
মোহাম্মদ নাসিম বলেন, মিয়ানমানের সামরিক জান্তার হাতে নির্যাতিত হয়ে দেশ ছেড়ে রোহিঙ্গাদের বাস্তুহীন জীবনযাপন করতে হচ্ছে। তাদের অবশ্যই নিজ দেশে ভোটাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে ফিরিয়ে নিতে হবে। সে জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব জনমত গড়ে তুলছেন। 
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বব্যাপী এখন প্রশংসিত। বাংলাদেশের জনপদে লাখ লাখ নির্যাতিত রোহিঙ্গা আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী বিশ্ববাসীকে দেখিয়েছেন মানবতা কী, যার ফলে তিনি বিশ্ববাসীর কাছে প্রসংশিত হয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনার কূটনৈতিক সফলতার কারণে আজ সমগ্র বিশ্ব রোহিঙ্গা ইস্যুতে জেগে উঠেছে।
 
অনুষ্ঠানে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যণ সম্পাদক সুজিত নন্দী রায়, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 
 
ইত্তেফাক/ইউবি