উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নেইমারের দল প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল বায়ার্ন মিউনিখ। গত দুই দশকের বেশি সময় ধরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপর্বে এমন হার নেই দলটির| ম্যাচের পরই ক্লাব চেয়ারম্যান রুমেনিগে ইঙ্গিত দিয়েছিলেন, এই হারে কাউকে মূল্য দিতে হবে। বরখাস্ত হয়ে কোচ কার্লো আনচেলত্তির উপর দিয়েই সেই খড়গ গেল। তাই নিয়োগের ১৫ মাসের মধ্যেই ইতালিয়ান এই কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল বায়ার্নের।
বৃহস্পতিবারই ৫৮ বছর বয়সী আনচেলত্তিকে বরখাস্ত করেছে বায়ার্ন মিউনিখ। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, পিএসজির কাছে হার নিয়ে বায়ার্নে জরুরি সভায় বসে ক্লাব কর্তৃপক্ষ। এরপরই ক্লাবের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করা হয়েছে।
গত মৌসুমের শুরুতেই স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার উত্তরসূরি হিসেবে বায়ার্নে যোগ দিয়েছিলেন আনচেলত্তি। গেল মৌসুমে লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ও জার্মান কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছিল বায়ার্ন। চলতি মৌসুমটাও খুব ভাল যাচ্ছে না জার্মান জায়ান্টদের। বুন্দেস লিগাতেও লিগেও বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। নতুন কোচ নিয়োগ পর্যন্ত সহকারী কোচ উইলি সানিওলের কাঁধে সাময়িক দায়িত্ব পড়ছে।
ইত্তেফাক/কেআই
