স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের প্রতি মানবতা দেখিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রশংসা অর্জন করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি চাপ সৃষ্টি করতে বিশ্ব জনমত গড়ে তুলছেন। তাঁর কূটনৈতিক উদ্যোগের কারণে বিশ্ব নেতৃবৃন্দ মিয়ানমার সরকারের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন।
আজ শুক্রবার রাজধানীর মিরপুরে হার্ট ফাউন্ডেশন মিলনায়তনে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। হার্ট ফাউন্ডেশন এই সভার আয়োজন করে।
ফাউন্ডেশনের সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) এম এ মালিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. আব্দুল আওয়াল রিজভি বক্তব্য রাখেন।
হৃদরোগ ও অন্যান্য অসংক্রামক রোগ থেকে সুরক্ষিত রাখতে তামাক ও মাদক সেবন থেকে দূরে থাকার জন্য সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার একদিকে যেমন জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। হৃদরোগে আক্রান্ত ও জটিল করে তোলার পেছনেও তামাকজাত দ্রব্য সহায়ক ভূমিকা রাখে।
তিনি বলেন, সম্মিলিতভাবে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এ দেশের মানুষকে তামাকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে পারবো। আর গড়ে তুলতে পারবো একটি সুস্থ, সরল ও উৎপাদনশীল দেশ। ধোঁয়াযুক্ত ও ধোঁয়াবিহীন সকল ধরনের তামাকই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
ইত্তেফাক/এমআই
