ঢাকা অ্যাটাক সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে। দেশ বিদেশের সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে আসছে ৬ অক্টোবর। তারকা সমৃদ্ধ এই ছবিতে আলমগীর, আফজাল হোসেন, আরিফিন শুভ, মাহিয়া মাহী, শতাব্দী ওয়াদুদ, এবিএম সুমন, নওশাবা প্রমুখের সাথে শিশুশিল্পী হিসেবে ছোট্ট একটা দৃশ্যে খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে রোদসী রহমান।
অভিনয় বিষয়ে তেমন অভিজ্ঞতা না থাকলেও প্রতিটি দৃশ্য এক টেকে ওকে করে দিয়ে রোদসী গোটা ইউনিটে বিস্ময় সৃষ্টি করে। রোদসীর সাবলীল অভিনয়ের প্রশংসা করেছেন পরিচালক দীপংকর দীপন।
তিনি মুগ্ধতার সুরে বলেন, ‘রোদসীর চরিত্রটা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে, ও ভালো না করলে সত্যিকার অর্থে আমি ডুবে যেতাম। কিন্তু ও আমার ধারনার চাইতেও বেশি বাঁচিয়ে দিয়েছে। সিনেমার ক্লাইমেক্স পার্টের সেন্টার পয়েন্ট ছিল রোদসী। সেজন্য আমি এই দৃশ্যের জন্য কিছুটা বেশি সময়ও বরাদ্দ রেখেছিলাম। কিন্তু ও আমাকে অবাক করে দিয়ে ঠিকঠাক সবকিছু এত অল্প সময়ে কীভাবে করে ফেলল এখনো ভাবলে অবাক হই। সি ইজ দ্যা অ্যাঞ্জেল অব ঢাকা অ্যাটাক।’
IMG0
এত বিশাল ইউনিটের সামনে জীবনে প্রথম সিনেমায় অভিনয় করা নিয়ে রোদসীরও টেনশন ফ্রি উত্তর, ‘দীপন আংকেল আমাকে যেভাবে যেটা করতে বলেছেন আমি শুধু তাঁর কথা ফলো করে সেটাই করেছি। অভিনয় করছি এটা একবারও মনে হয়নি। আর আশেপাশে এত মানুষ, এত যন্ত্রপাতি সেসবের দিকেও আমার খেয়াল ছিল না। বাবা শুটিংয়ের আগে বলে দিয়েছিলেন, আশেপাশের কোনো কিছুতে যেন খেয়াল না করি।’
রোদসী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মুগদা শাখায় চতুর্থ শ্রেণিতে পড়ছে। ক্লাস টুতে পড়ার সময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটি বিজ্ঞাপন চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছিল। ওর বাবা বিজ্ঞাপন ব্যক্তিত্ব খালেদুর রহমান জুয়েল ঢাকা অ্যাটাক সিনেমার ক্রিয়েটিভ ডিরেক্টর এবং সিনেমাটির নির্মাণ প্রতিষ্ঠান থ্রি হুইলারস লিমিটেড’র ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর।
ইত্তেফাক/আনিসুর
