ধর্ম যার যার, উৎসব হয়ত সবার- এই সম্প্রীতির বার্তা নিয়ে দিনাজপুরের হিলি সীমান্তে এই প্রথম শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করলো বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এবং বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ। এ উপলক্ষে উভয় বাহিনীর পুরুষ ও নারী সদস্যরা একে অপরকে মিষ্টি উপহার দেন।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শারদীয় দুর্গাপূজার দশমীর উৎসবের দিনে হিন্দু সম্প্রদায়ের বৃহৎ এই আয়োজন দেখা গেল সীমান্তের চেকপোস্টের শুন্য আঙিনায়। এসময় সেখানে বিজিবি ও বিএসএফ সদস্য ছাড়াও উৎসুক লোকজন ভিড় করেন।
IMG0
এদিকে, ধর্মীয় এই অনুষ্ঠান উপলক্ষে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানানো হয়। পক্ষান্তরে বিএসএফও তাদের পক্ষ থেকে বিজিবিকে শুভেচ্ছা জানান। এসময় বিজিবির জয়পুরহাট- ২০ ব্যাটালিয়নের অধিনায়কের পক্ষে হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাহবুব আলম মিষ্টির ৩টি প্যাকেট উপহার হিসেবে তুলে দেন ভারতের পতিরাম বিএসএফের ১৯৯ ব্যাটালিয়নের অধিনে হিলি বিওপি ক্যাম্পের সহকারী কম্যাডেন্ট হেপুনি কাসের হাতে।
পরে বিএসএফও তাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টির ২টি প্যাকেট তুলে দেন বিজিবি’র সদস্যদের হাতে।
এসময় সীমান্তরক্ষী উভয় বাহিনীর মধ্যে ভ্রাতৃত্ব ও বন্ধুত্বপূর্ণ নিদর্শন দেখে কিছুক্ষণের জন্য হলেও উপভোগ করেন এই চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রীসহ উৎসুক মানুষেরা।
এ বিষয়ে জানতে চাইলে বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মাহবুব আলম বলেন, গত ঈদে বিএসএফ আমাদের মিষ্টি দিয়েছিল। আজ তাদের ধর্মীয় দিনে আমাদের তরফ থেকে মিষ্টি দিয়েছি।
ইত্তেফাক/কেকে
