নেত্রকোনার পূর্বধলায় কতিপয় উপজাতী কর্তৃক দুর্গা প্রতিমা বিসর্জনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘর্ষে জগন্নাথ পমকর (৩০), অমিত দে (২৮) ও সুবোধ সরকারসহ (৫৮) বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ সিমু সাংমা (২৬) নামে এক উপজাতী যুবককে আটক করেছে।
শনিবার রাত ৮টার দিকে উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত কালডোয়ার সরকার বাড়ি প্রাঙ্গনের পুজামণ্ডপে এ ঘটনা ঘটে।
পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, শনিবার রাত ৮টার দিকে সরকার বাড়ির দুর্গা প্রতিমা স্থানীয় একটি পুকুরে বির্সজন দিতে গেলে কালডোয়ার গ্রামের উপজাতী মৃত নরেন্দ্র সাংমার স্ত্রী অঞ্জলী সাংমা, তার ছেলে সিমু সাংমাসহ বেশ কয়েকজন বাধা দেয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হয়। পুলিশ তাৎক্ষনিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং সিমু সাংমাকে আটক করে থানায় নিয়ে আসে।
ওসি আরো জানান, উক্ত পুকুটি নিয়ে দীর্ঘ দিন যাবত মৃত নরেন্দ্র সাংমার স্ত্রী অঞ্জলী সাংমার সঙ্গে একই গ্রামের তপন সরকারের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমাও চলমান। তবে পুলিশ তাৎক্ষনিক বিষয়টি নিয়ন্ত্রনে আনায় দুর্গোৎসব উদযাপন কমিটির লোকজন ওই পুকুরেই শান্তিপূর্ণভাবেই প্রতিমা বিসর্জন দিয়েছেন।
এ ঘটনায় পুজা উদযাপন কমিটির সমন্বয়কারী দীপক সরকারসহ কমিটির অন্যান্য সদস্যরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ইত্তেফাক/নূহু
