গোপালগঞ্জে তিন স্থানে নৌকা বাইচ হয়েছে

আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ০৯:২৮
 
বিজয়া দশমীর আনন্দ ভাগাভাগি ও প্রাণবন্ত করতে গোপালগঞ্জের তিনটি স্থানে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার মুকসুদপুর উপজেলার দিগনগর, কোটালীপাড়া উপজেলার ঘাঘর ও গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে দুপুর ১টা থেকে সন্ধ্যা পর্যন্ত  নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এ নৌকা বাইচ দেখতে মুকসুদপুরের দিগনগরের কুমার নদ, কোটালীপাড়ার ঘাঘরের ঘাঘর নদী ও সদর উপজেলার মধুমতি বিল রুট ক্যানেলের দু'পাড়ে লাখ লাখ মানুষের সমাগম ঘটে।
 
কোটালীপাড়ার ঘাঘর নদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদের সহযোগিতায় কোটালীপাড়া উপজেলা পরিষদ, পৌরসভা, ঘাঘর বাজার বণিক সমিতি এ নৌকা বাইচের আয়োজন করে। শত বছরেরও বেশি সময় ধরে বিজয়া দশমীর দিন এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। 
 
এ বছর কোটালীপাড়ার আশ-পাশের এলাকা ছাড়াও মাদারীপুর বাগেরহাট, বরিশাল জেলা থেকে অসংখ্য দর্শক এ নৌকা বাইচ উপভোগ করতে আসেন। এ বাইচে অংশ নিয়ে ছিল নানা রঙ্গের বাচারী নৌকা। প্রতিযোগিতার প্রধান আকর্ষণ ছিল মহিলাদের বাচারী নৌকা। নৌকা বাইচে গোপালগঞ্জ, মাদারীপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শতাধিক সরেঙ্গা, ছিপ, কোষা বাচারী নৌকা অংশ নেয়। নান্দনিক এ নৌকা বাইচ চলে সন্ধ্যা পর্যন্ত।
 
গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে মধুমতি বিলরুট ক্যানেলে বিজয়া দশমী উপলক্ষে শনিবার নৌকা বাইচ উৎসব অনুষ্ঠিত হয়েছে। শত বছর ধরে বিজয়া দশমীর দিনে এখানে এ নৌকা বাইচ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে বলে সাতপার ইউপি চেয়ারম্যান সুজিত কুমার মণ্ডল জানিয়েছেন।
 
ইত্তেফাক/জামান