মাদক সেবন ও বিক্রির দায়ে হাটহাজারীতে মো. আবু কায়সার অভি (২৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আক্তার উননেছা শিউলী এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত যুবক রাউজান উপজেলার মুন্সী পাড়া এলাকার আবুল কালাম বদির পুত্র।
জানা গেছে, রবিবার বেলা বারোটার দিকে আদালতের অভিযান শুরু হয়। আদালত উপজেলার মদুনাঘাট রিলেশন পার্ক এলাকা থেকে পুলিশের সহযোগিতায় মো. আবু কায়সার অভিকে ৬পিস ইয়াবাসহ আটক করে।
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী দৈনিক ইত্তেফাককে জানান, ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবনের অপরাধে মো. আবু কায়সার অভিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর দণ্ডপ্রাপ্তকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান।
ইত্তেফাক/এমআই
