হবিগঞ্জের লাখাই উপজেলার ‘মুক্তিযোদ্ধা জিয়া কলেজ’ এর নাম পরিবর্তন করে লাখাই মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ নামকরণ করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
আজ রবিবার এক বিবৃতিতে নেতারা বলেন, এ দেশটাকে একটি পরিবার কেন্দ্রিক করার সকল প্রকার আয়োজন সম্পন্ন করেছে এই অবৈধ সরকার এবং তাদের লোকজন। তারা যখন একের পর এক সরকারি আর বেসরকারি সব প্রতিষ্ঠান নিজেদের বাবা-দাদা আর তাদের নামে নামকরণের খেলায় মেতে ওঠেছে। তখন দেশ থেকে পরিকল্পিতভাবে সরিয়ে দেয়া হচ্ছে দেশের জ্ঞানী গুনী মুক্তিযোদ্ধাদের নাম। তবে দেশবাসী কোনো দিনই তাদের এই হঠকারীপূর্ণ একপেশে সিদ্ধান্ত মেনে নিবে না।
তারা আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) বানের জলে ভেসে আসা কোনো নাম নয়। শহীদ জিয়া মানেই বাংলাদেশ আর বাংলাদেশ মানেই শহীদ জিয়া। ইট কাঠ আর পাথর থেকে তার নাম মুছলেই মানুষের হৃদয় থেকে তার নাম মোছা যাবে না। শহীদ জিয়ার নামকে মুছে ফেলতে এই অবৈধ সরকার দেশের আন্তুর্জাতিক বিমানবন্দর দিয়ে যে ন্যাক্কারজনক খেলায় মেতেছে, তারই ধারাবাহিকতায় ‘মুক্তিযোদ্ধা জিয়া কলেজ’ কলেজের নাম পরিবর্তন।
নেতারা বলেন, এসব অপকর্ম আর বেশি দিন চলতে দেয়া হবে না। অবিলম্বে ‘মুক্তিযোদ্ধা জিয়া কলেজ’ এর নাম পরিবর্তনের সিদ্বান্ত পরিবর্তন করতে হবে। না হলে যারা এসব অপর্কমের সঙ্গে জড়িত থাকবে, এক সময় জনগণ হয়ত দেশ থেকে তাদের নাম মুছে দিবে।
ইত্তেফাক/কেকে
