সুনামগঞ্জে প্রবীণ দিবস উদযাপিত

আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৯:১৮
আন্তর্জাতিক প্রবীণ দিবস  উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়।
 
সকালে ৯টায় শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে প্রবীণদের অংশগ্রহণে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে র‍্যালিটি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রাক্তন সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান।
 
আরো বক্তব্য রাখেন, নারীনেত্রী শীলা রায়, প্রবীণ শিক্ষক মু. আব্দুর রহীম,  সাবেক অধ্যক্ষ অধ্যাপক পরিমল কান্তি দে, দিলীপ কুমার মজুমদার, নাথানায়েল এডউইন ফেয়ারক্রস, সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, জেলা সমাজসেবা উপ-পরিচালক খান মোতাহের হোসেন, নুরুর রব চৌধুরী  প্রমুখ।
 
বক্তারা বলেন, প্রবীণরা সমাজের সঞ্চিত সম্পদ। তারা তাদের অভিজ্ঞতা ও জ্ঞানের মাধ্যমে সমাজকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়ে এগিয়ে নিতে পারেন। প্রবীণদের প্রতি যত্নবান হওয়া সকলের দায়িত্ব।
 
ইত্তেফাক/সাব্বির