মালিতে নিহত জাকিরুলের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ২১:৫১

মালিতে নিহত ল্যান্স কর্পোরাল জাকিরুলের মৃতদেহ আজ রবিবার সন্ধ্যা ৬টায় ময়মনসিংহ সেনানিবাসের মেজর ফারহাদ আন নাঈমের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ সদস্যের একটি দল নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামে লাশবাহী এম্বুলেন্সে এসে পৌঁছায়।

নিজ গ্রামে লাশ পৌঁছুতেই স্বজনসহ গ্রামের হাজারো মানুষ একনজর দেখতে কফিনের পাশে ভিড় জমায়। রাত ৭টায় তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়। এ সময় তার জানাযায় এলাকার হাজারো মুসল্লী অংশ নেয়।

উল্লেখ্য গত ২৪ সেপ্টেম্বর আফ্রিকার দেশ মালিতে মিশন শেষে ক্যাম্পে ফেরার পথে সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে নিহত হয় জাকিরুল। পরে গত শনিবার বিকেল ৫টা ৫০ মিনিটে জাকিরুলের মৃতদেহ বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। সেখান থেকে তাকে ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর থেকে তার পরিবার ও স্বজনরা সেখানে অবস্থান করছিলেন।

আজ রবিবার সকাল ৯টায় ঢাকা সেনানিবাসে তার নামাজে জানাজা শেষে লাশ দিনাজপুর ইউনিটে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাযা শেষে তার লাশ গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া গ্রামে নিয়ে আসার পর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

ইত্তেফাক/নূহু