কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলাস্থ বিজিবি সেক্টর সংলগ্ন রেলওয়ের লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় আশঙ্কা দেখা দিয়েছে। কুষ্টিয়া সড়ক ও জনপথ ( সওজ) বিভাগের অব্যাহত গাফিলতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা যায়, উল্লেখিত রেল ও সড়কপথের মিলনস্থল লেভেল ক্রসিংয়ে দীর্ঘদিন যাবত কুষ্টিয়া সড়ক বিভাগের পক্ষ থেকে সংস্কার কাজ করা হয়নি। যার ফলে রেল লাইনের ওপর দিয়ে যাওয়া সড়কটি ভেঙে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু বিকল্প কোনো উপায় নেই বিধায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কয়েক হাজার যানবাহন চলাচল করছে।
ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রায়দিনই ওই লেভেল ক্রসিংয়ের ওপর একাধিক গাড়ি অকেজো হয়ে পড়ছে। দায়িত্বরত গেটম্যানরা অকেজো হয়ে পড়া যানবাহনগুলো কোনমতে ঠেলে পার করতে গিয়ে প্রতিদিন বিব্রতকর পরিস্থিতির সম্মুখিন হচ্ছে।
তাই অনতিবিলম্বে সওজ বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে লেভেল ক্রসিংটিতে সংস্কার করা না হলে ট্রেন ও যানবাহনের সংঘর্ষে প্রাণহাণীসহ দেশের উত্তর ও দক্ষিনাঞ্চলগামী ট্রেন এবং কুষ্টিয়া-মেহেরপুর সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে।
ইত্তেফাক/নূহু
