ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের পাইসকা গ্রামে বিষ প্রয়োগ করে মৎস্য খামারের মাছ নিধনের ঘটনা ঘটেছে। পাইসকা গ্রামের ফরিদ মিয়ার মৎস্য খামারের পুকুরে শনিবার রাত ৯ টার দিকে এ ঘটনাা ঘটে।
ফরিদ মিয়া রাতে মাছের খাবার দেয়ার সময় দেখেন, মাছ মরে পুকুরে ভেসে উঠেছে।
ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ না থাকায় একটি দুষ্টুচক্র শত্রুতা করে পুকুরের পানিতে বিষ ঢেলে যায়। এতে পুকুরের পাবদা, শিং ও গুলসা মাছ মরে পানিতে ভেসে উঠে। মাছের সঙ্গে পুকুরের ব্যাঙ ও জলজ কীট-পতঙ্গও মরে ভেসে উঠে।
মাছ নিধনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আল-আমিন মিয়া ইত্তেফাককে জানান, বৃহৎ আকারের পুকুরটিতে বিষ দেয়ার ফলে প্রায় ৫০ হাজার মাছ মরে গেছে। এতে ক্ষতির পরিমান ৫ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে।
ইত্তেফাক/নূহু
