চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক ফারুক। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন তিনি। তবে চলচ্চিত্র নির্দেশনায় কখনোই তাকে পাওয়া যায়নি। কিন্তু দীর্ঘদিন যাবৎ ফারুকের নির্মাণ ভাবনায় রয়েছে ৩টি গল্প।
যে গল্পগুলো একান্তই তার নিজের। চলচ্চিত্র নির্মাণের ইচ্ছে থাকলেও নানা ব্যস্ততার কারণে চলচ্চিত্র নির্মাণে সময়ে করে উঠতে পারেননি তিনি। কিন্তু এখন যেহেতু চলচ্চিত্রের সার্বিক অবস্থা ধীরে ধীরে ভালোর দিকে এগিয়ে যাচ্ছে, তাই এ সময়ে এসে চলচ্চিত্র নির্মাণের কথা ভাবছেন তিনি।
৩টি গল্প নিয়ে তিনি অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছেন। ৩টি গল্পের বিষয়বস্তু হচ্ছে একটি দেশভাগের গল্প, একটি মানবিক গল্প এবং আরেকটি রাজনৈতিক গল্প। তবে কোন গল্পটি নিয়ে তিনি চলচ্চিত্র নির্মাণ করবেন সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
ফারুক বলেন, ‘শিগগিরই চলচ্চিত্র নির্দেশনায় আসবো আমি। ৩টি গল্পের ১টি চূড়ান্ত করা হবে। আমার মনের মতো করেই আমার প্রথম চলচ্চিত্র নির্দেশনার কাজটি হবে। আমার শুভাকাঙ্ক্ষী যারা তাদের সঙ্গে নিয়েই আমি আমার প্রথম নির্দেশিত চলচ্চিত্রটি নির্মাণ করতে চাই।’
ইত্তেফাক/আনিসুর
